ইন্টারভিউয়ের নাম শুনলেই কি বুক ধড়ফড় করে?
হাত ঘামতে শুরু করে, মাথা ফাঁকা হয়ে যায়, মনে হয় “যদি ভুল বলি?, যদি কিছু না পারি?”
বিশ্বাস করুন, এই ভয়টা একদম স্বাভাবিক। প্রায় সবাই ইন্টারভিউয়ের আগে নার্ভাস হয়। কিন্তু পার্থক্যটা হলো কেউ ভয়কে নিয়ন্ত্রণ করে, আর কেউ ভয়কে নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে দেয়।
আজ কথা বলি, ইন্টারভিউয়ের ভয় কাটানোর বাস্তব উপায় নিয়ে।
ধাপ ১: প্রস্তুতিই আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি
আত্মবিশ্বাস হঠাৎ আসে না, আসে ইন্টারভিউ প্রস্তুতি থেকে।
কোম্পানি সম্পর্কে জানুন, জব ডিসক্রিপশন ভালোভাবে পড়ুন, সম্ভাব্য প্রশ্নের উত্তর লিখে প্র্যাকটিস করুন।
যত বেশি প্রস্তুতি, তত কম ভয়।
কারণ তখন আপনার মনে হবে “আমি তৈরি।”
ধাপ ২: মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন
বন্ধু, বড় ভাই/আপু বা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন।
নিজের পরিচয় (Self Introduction) অন্তত ১০ বার বলুন।
চাকরির প্রস্তুতি মানে শুধু সিভি বানানো নয় - নিজেকে উপস্থাপন করার অনুশীলনও।
প্র্যাকটিস করলে কথার জড়তা কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে।
ধাপ ৩: ভয়কে স্বাভাবিক হিসেবে গ্রহণ করুন
অনেকে ভাবে, “আমি এত নার্ভাস কেন?”
মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডও জানে আপনি নার্ভাস হবেন।
ভয়কে শত্রু ভাববেন না। এটাকে এনার্জি হিসেবে নিন।
হালকা নার্ভাসনেস আপনাকে ফোকাসড রাখে।
ধাপ ৪: শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন
ইন্টারভিউ রুমে ঢোকার আগে ৩০ সেকেন্ড গভীর শ্বাস নিন।
৪ সেকেন্ডে শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন, ৪ সেকেন্ডে ছাড়ুন।
এতে শরীর ও মন শান্ত হয়।
আত্মবিশ্বাস বাইরে থেকে নয় বরং ভেতর থেকে তৈরি হয়।
ধাপ ৫: পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না
অনেকে ভাবে, “সব প্রশ্নের উত্তর পারফেক্ট দিতে হবে।”
বাস্তবে কেউই পারফেক্ট না।
যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন, সৎভাবে বলুন
“এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানি না, তবে শেখার আগ্রহ আছে।”
এই সততা অনেক সময় ভুল উত্তরের চেয়ে বেশি প্রভাব ফেলে।
ধাপ ৬: ইন্টারভিউকে পরীক্ষা নয়, কথোপকথন ভাবুন
ইন্টারভিউ মানে জেরা নয়, এটা দুই পক্ষের আলাপ।
আপনি যেমন চাকরি খুঁজছেন, কোম্পানিও সঠিক মানুষ খুঁজছে।
এই মানসিকতা বদলালেই ভয় অনেকটা কমে যায়।
মনে রাখবেন, প্রতিটি ইন্টারভিউ একটি শেখার অভিজ্ঞতা।
প্রথমটায় না হলে দ্বিতীয়টা, দ্বিতীয়টায় না হলে তৃতীয়টা - এভাবেই আত্মবিশ্বাস তৈরি হয়।
ইন্টারভিউয়ের ভয় আপনাকে থামাতে পারে না, যদি আপনার চাকরির প্রস্তুতি সঠিক হয়।
